চকরিয়ায় মুক্তিযোদ্ধা অপহৃত, মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের এক মুক্তিযোদ্ধাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত বুধবার এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।
অপহৃত মুক্তিযোদ্ধা হলেন নুরুল আবছার। তিনি খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালাপাড়া এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু মোহাম্মদ বশিরুল আলম বলেন, বুধবার রাতে ১৫-২০ জন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে নুরুল আবছারকে অস্ত্রে মুখে অপহরণ করে নিয়ে যায়। এখন পরিবারের সদস্যদের মুঠোফোনে ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রশাসনের সাহায্য চাইলে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। এরপরও অপহৃত মুক্তিযোদ্ধার মেয়ে রাবেয়া খানম গতকাল চকরিয়া থানায় অভিযোগ দিয়েছেন। গতকাল সকালে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন বলেন, নুরুল আবছারকে ছেড়ে দিতে গতকাল সকালে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে দর-কষাকষির পর সন্ধ্যায় তা দুই লাখ টাকায় এসে ঠেকে।
চকরিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া খানম বলেন, দুর্বৃত্তরা ঘরের কোনো আসবাব লুট করেনি। শুধু তাঁর বাবাকে নিয়ে গেছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, অপহৃত মুক্তিযোদ্ধাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।