চকরিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি গুলিতে চালক নিহত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকায় গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ডাকাতের গুলিতে যাত্রীবাহী একটি চেয়ারকোচের চালক জসিম উদ্দিন (৫০) নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের পটিয়া সদরের সুচক্রদণ্ডী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ সময় ডাকাত দল কয়েকজন যাত্রীর মুঠোফোন, নগদ টাকাসহ অন্যান্য মাল লুট করে। ডাকাতের প্রহারে আহত হয়েছেন কয়েকজন যাত্রী। চকরিয়া থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে ১১টায় প্রথম আলোকে বলেন, যাত্রীবেশে চার-পাঁচজন ডাকাত চকরিয়ার চিরিঙ্গা থেকে তিশা পরিবহনের ওই বাসে উঠে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। রাত সাড়ে নয়টার দিকে বাসটি চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া বনাঞ্চলের ভেতরে এলে ডাকাত দল চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে বাসটি থামাতে বলে। চালক বাস না থামালে তাঁকে গুলি করা হয়। এরপর গাড়িটি থামিয়ে ডাকাত দল ২৫ যাত্রীর ছয়টি মুঠোফোন, নগদ টাকাসহ অন্যান্য মাল লুট করে।