কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি যাত্রীবাহী মাইক্রোবাস পুড়ে যায়। এতে শিশুসহ ১০ যাত্রী আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মাইক্রোবাসটি (চট্ট মেট্রো চ-১১-৩৩২০) সকালে চকরিয়া উপজেলার বানিয়াছড়া ইসলামনগর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এরপর মাইক্রোটি উল্টে যায় এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে তা পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে আহত হয়েছেন মাইক্রোবাসের যাত্রী নিলু আক্তার (২২), নুরুল আবছার (৩০), আবদুল ওয়াদুদ (৫৫), নজিব উল্লাহ (৩০), মোহামঞ্চদ হোসেন (৩১), সাইফুল ইসলামসহ (৩০) অন্তত ১০ জন। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। আহত ব্যক্তিরা সবাই কক্সবাজারের রামু উপজেলার কলঘর এলাকার বাসিন্দা। দুবাই থেকে চট্টগ্রাম আসা এক আত্মীয়কে রামুতে আনতে তাঁরা মাইক্রোবাসে করে চট্টগ্রাম যাচ্ছিলেন।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার জাকির হোসেন ও স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ টি এম জিয়া উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান এবং আহতদের চিকিৎসার জন্য কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে পাঠান।চকরিয়া থানার ওসি রণজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।