চকরিয়ায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, প্রধান হামলাকারীর মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকায় গত শনিবার রাত ১১টায় আবদুর রহিম (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ সময় পুলিশ হামলাকারীদের কাছ থেকে ওই যুবককে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে হামলাকারী দলের নেতৃত্বদানকারী ওসমান গনি (৩০) রাত দুইটায় নিজ বসতঘরে বুকে ব্যথা অনুভব করেন। এ সময় পরিবারের সদস্যরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে আবদুর রহিম রাত ১১টায় থানা সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ফুলতলা (দি কিং অব চকরিয়া ক্লাবের সামনে) এলাকায় পৌঁছালে পৌরসভার ভরামুহুরী গ্রামের মৃত আহমেদ কবিরের ছেলে ওসমান গনির নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এ সময় হামলাকারীরা রহিমকে কোপাতে কোপাতে থানা সেন্টার এলাকায় নিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী লুৎফুল কবির বলেন, আবদুর রহিমকে কোপাতে দেখে তিনি থানায় খবর দেন। এ সময় পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে হামলাকারী ওসমান বুকে ব্যথা অনুভব করলে প্রতিবেশীদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ওসমানের পরিবারের দাবি, ঘটনার সময় ওসমানের অণ্ডকোষ ও বুকে আঘাত লাগে। রাত দুইটায় ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ রণজিৎ কুমার বড়ুয়া বলেন, হামলায় ওসমানের মৃত্যু হয়েছে মর্মে তাঁর পরিবার একটি অভিযোগ দিয়েছে। এ কারণে আহত আবদুর রহিমকে চমেক হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে। বর্তমানে সেখানে পুলিশি পাহারায় তাঁর চিকিৎসা চলছে। ওসমান হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন, নাকি হামলায় মারা গেছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ওসমানের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে বলা যাবে হূদেরাগে, নাকি হামলায় মারা গেছেন।