চকরিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মিজানুর রহমান (৩০) নামে যুবলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার পর চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় মারা গেছেন। ওই দিন বেলা দেড়টার দিকে খুটাখালী বাজারে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
নিহত মিজানুর রহমান খুটাখালী ইউনিয়নের দক্ষিণ ফুলছড়ির বাঁশকাটা গ্রামের মো. কালুর ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন: বাহাদুল করিম (২২), আবু তাহের (২৮), তানজিলুর করিম (১৮), ফরিদুল আলম (৬০), রেজাউল করিম (৪১), মমতাজ আহমদ (৫০)।
স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছেন, গত বছর হরতালের সময় বিএনপি- জামায়াতের কর্মীদের পিকেটিংকালে ধাওয়া ও মারধর করে মিজান ও তাঁর লোকজন। এ ঘটনায় ক্ষুব্ধ ছিল বিএনপি ও জামায়াতের লোকজন। গত মঙ্গলবার দুপুরে মিজান খুটাখালী বাজারে পৌঁছালে ১৯-২০ জন দুর্বৃত্ত দা, কিরিচ দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় মিজান অজ্ঞান হয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রাত সাড়ে নয়টায় তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মারা যাওয়ার খবর এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ লোকজন পাঁচটি বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে।
মিজানের ছোট ভাই মুজিবর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াতের ক্যাডারেরা মিজানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হত্যার ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। অন্য হামলাকারীদেরও আটকের চেষ্টা চলছে।