চকরিয়ায় রেস্তোরাঁ কর্মচারী হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারের একটি রেস্তোরাঁর কর্মচারীকে খুনের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে নিহত জয়নাল আবেদীনের মা খালেদা বেগম ওই মামলা করেন।
গত সোমবার মালুমঘাট বাজারের পূর্ব পাশের একটি আগরবাগান থেকে রেস্তোরাঁর কিশোর কর্মচারী জয়নালের লাশ উদ্ধার করে পুলিশ।
চকরিয়া থানার পুলিশ জানায়, জয়নাল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. হুমায়ুনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার সিকদারপাড়ায়। তিনি আর জয়নাল একই রেস্তোরাঁয় কাজ করতেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘মোবাইল চুরির একটি ঘটনা নিয়ে জয়নালের সঙ্গে রেস্তোরাঁর কয়েকজন কর্মচারীর বিরোধ চলছিল। মামলার বাদী বিরোধের বিষয়টি উল্লেখ করে মামলা করেছেন। গ্রেপ্তার হুমায়ুনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।’