চকরিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের নূরানী মাদ্রাসার ছাত্রী ধর্ষণের ঘটনায় গত মঙ্গলবার রাতে মাদ্রাসাশিক্ষক জয়নাল আবেদিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। জয়নাল কোনাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক জয়নালের বিরুদ্ধে ধর্ষণের ধারায় মামলা করেছেন। ওই শিক্ষককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
গত মঙ্গলবার বেলা একটায় স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় নূরানী কায়দা পড়তে যায় ছাত্রীটি। বেলা দুইটায় মাদ্রাসা ছুটি হয়। অন্য ছাত্রছাত্রীরা চলে গেলেও ওই ছাত্রীটিকে বালতিতে পানি ভর্তি করতে হবে বলে রেখে দেন শিক্ষক জয়নাল আবেদিন। একপর্যায়ে তিনি মুখ ছেপে ধরে ছাত্রীটিকে ধর্ষণ করেন।
ছাত্রীটির বাবা বলেন, তাঁর মেয়ে এখন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই মাদ্রাসাশিক্ষক জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি করেছেন।