চকরিয়ায় শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ
কক্সবাজারের চকরিয়া পৌরসভার কোচপাড়া গ্রামে আয়েশা ছিদ্দিকা (১৮) নামের এক গৃহবধূকে গত রোববার রাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আয়েশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা গ্রামের সফর মল্লুকের মেয়ে। যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে বলে তাঁর ভাই অভিযোগ করেছেন। এ ব্যাপারে ১০ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা হয়েছে।নিহত আয়েশার ভাই ও মামলার বাদী মো. নাজিম উদ্দিন জানান, প্রায় চার মাস আগে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোচপাড়া গ্রামের আব্বাস আহমদের ছেলে মোহাম্মদ রাসেলের (২৮) সঙ্গে আয়েশার বিয়ে হয়। এরপর সৌদি আরবে যাওয়ার জন্য টাকা চেয়ে রাসেল তাঁর বোনের ওপর নির্যাতন শুরু করেন। ওই সময় তাঁকে ছয় লাখ টাকা দেওয়া হয়। এ টাকায় সৌদি আরবে যান রাসেল। কিন্তু দুই মাস ধরে আরও টাকার জন্য আয়েশার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন তাঁর শ্বশুর-শাশুড়িসহ ওই বাড়ির লোকজন। গত রোববার গভীর রাতে তাঁরা আয়েশাকে শ্বাসরোধে হত্যা করে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন। নাজিম উদ্দিন অভিযোগ করেন, রাসেলের ইন্ধনেই তাঁর বাবা-মা ও ভাইয়েরা মিলে এ কাজ করেছেন।