চকরিয়ায় শ্যামলী পরিবহনে ছিনতাই
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের চৌধুরী বাজারের উত্তর পাশে ডলমপীর মসজিদ এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে চালক ও সুপাভাইজারের যোগসাজশে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল আটটায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ঢাকার তেজগাঁও এলাকার সাউন্ড অ্যান্ড ভিশন প্রতিষ্ঠানের কর্মকর্তা সানাউল্লাহ বলেন, কক্সবাজার সিটি ব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানের তিনিসহ মীর স্বপন নামের আরও একজন কর্মকর্তা গত মঙ্গলবার রাত ১১টায় ফকিরাপুল থেকে শ্যামলী পরিবহন (গাড়ি নং-৪৩২৩) বাসে ওঠেন। বাসটি গতকাল বুধবার সকাল আটটায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে চালক ও সুপারভাইজারের সহযোগিতায় সাত-আটজন ছিনতাইকারী বাসে উঠে তাঁদের কাছে থাকা ক্যামেরা ও টাইবোট, দুটি প্রজেক্টর, ক্যামেরার লাইট, ক্যাসেট ও ব্যাটারিসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়।