চকরিয়ায় সংঘর্ষ, গুলি, আহত ৩০
কক্সবাজারের চকরিয়ায় আজ রোববার বিএনপি-জামায়াতের কর্মীদের সঙ্গে র্যাব-পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
চকরিয়া পৌরসভায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গত শুক্রবার থেকে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। শুক্রবার বিকালে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ১৪৪ ধারা লঙ্ঘন করে বিক্ষোভ সমাবেশ করলে বিজিবি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পৃথক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় বিএনপির দুই কর্মীর মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা প্রথম আলো ডটকমকে জানায়, আজ ভোর ছয়টা থেকে হরতাল-সমর্থকেরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। সকাল ১০টার দিকে ১৪৪ ধারা লঙ্ঘন করে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনকে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়। সাড়ে ১০টার দিকে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষ আবারও মুখোমুখি অবস্থান নেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিএনপি-জামায়াতের কর্মীরা আবারও বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনালে গেলে র্যাব ও পুলিশ সদস্যরা বাধা দেন। এ সময় তাঁদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। গুলিবিদ্ধ মো. জাকেরকে (৫০) চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত্ বড়ুয়া সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ-র্যাব মোতায়েন করা হয়েছে।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম দাবি করেন, আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে বিএনপি-জামায়াতের ক্যাডাররা হামলা চালায়। গুলিবর্ষণের ঘটনায় তাঁদের ১০ জন কর্মী আহত হয়েছে।