চকরিয়ায় সংঘর্ষ গুলি, বিএনপির নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় গতকাল শুক্রবার বিকেলে বিএনপি ও পুলিশের সংঘর্ষ এবং বিএনপি, পুলিশ ও আওয়ামী লীগের পৃথক গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বিএনপির নেতা জাকের হোসেন (৪২) নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতা-কর্মীরা পুলিশের নির্যাতনে স্থানীয় যুবদলের নেতা আবদুল হালিমের মৃত্যুর অভিযোগে গতকাল চকরিয়া পৌরসভায় এক প্রতিবাদ মিছিল করেন। এ সময় তাঁরা যানবাহন ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালান এবং গুলিবর্ষণ করেন। পুলিশও পাল্টা গুলি চালায়। আওয়ামী লীগও পাল্টা মিছিল ও গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে জাকের হোসেন মারা যান। তিনি চকরিয়া পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন।

এ ঘটনার পর বিএনপির নেতা-কর্মীরা গাছের গুঁড়ি ফেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ও বানিয়ারছড়া এলাকায় অবরোধ সৃষ্টি করেন। রাত সাড়ে আটটা পর্যন্ত এ অবরোধে মহাসড়কের দুই দিকে প্রায় আড়াই শ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও বিশেষ আনসার সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় বিএনপির কর্মীরা আটকে পড়া প্রায় ৪০টি গাড়ি ভাঙচুর করেন।

এদিকে পুলিশের নির্যাতনে যুবদলের নেতা আবদুল হালিমের মৃত্যুর অভিযোগ এনে আগামীকাল রোববার কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আবদুল হালিম (৩৭) গত বৃহস্পতিবার রাতে একটি হাসপাতালে মারা যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিমের লাশ নিয়ে গতকাল বেলা তিনটার দিকে চকরিয়া পৌর এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি থানা রাস্তার মাথায় গেলে কিছু কর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও লাঠিপেটা করে এবং ১০-১৫টি ফাঁকা গুলি ছোড়ে। মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যান। সেখানে তাঁরা বাস, চান্দের গাড়ি, টমটম, অটোরিকশাসহ ৫১টি যানবাহন ও ১০টি দোকান ভাঙচুর করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ গেলে বিএনপির কর্মীরা কয়েকটি গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি চালায়। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির ভাঙচুরের প্রতিবাদে ঘটনাস্থলের কাছাকাছি একটি মিছিল বের করেন এবং গুলিবর্ষণ করেন। এতে জাকের হোসেন গুলিবিদ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান। চকরিয়া পৌরসভার নামারচিরিঙ্গা এলাকার মৃত আকবর আহমদের ছেলে জাকের হোসেন।

চকরিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মেয়র নুরুল ইসলাম হায়দার দাবি করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে জাকের হোসেন মারা গেছেন। তিনি পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য।

তবে পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলামের দাবি, বিএনপির সন্ত্রাসীদের গুলিতেই জাকের হোসেন মারা গেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত বড়ুয়া বলেন, জাকের হোসেন কাদের গুলিতে মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপি অভিযোগ করেছে, অবরোধের প্রথম দিনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বানিয়ারছড়া স্টেশন থেকে যুবদলের নেতা আবদুল হালিমকে আটক করে পুলিশ। পরে তাঁকে নির্যাতন করে পা ভেঙে দেওয়া হয়। ওই দিনই পুলিশ তাঁকে কারাগারে পাঠায়। পরদিন জামিনে মুক্তির পর আবদুল হালিমকে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার রাত ১০টায় তিনি মারা যান। এর প্রতিবাদে কাল হরতাল ডেকেছে বিএনপি।

অভিযোগ অস্বীকার করে ওসি রণজিত বড়ুয়া বলেন, ২৬ নভেম্বর দুপুরে আবদুল হালিমের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে আবদুল হালিম দৌড় দিয়ে পাহাড় থেকে খাদে পড়ে যান। এতে তাঁর ডান পা ভেঙে যায়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চকরিয়া ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৮ নভেম্বর আদালত জামিন দিলে আবদুল হালিম কারাগার থেকে বের হয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তাঁর মৃত্যু হয়।