চকরিয়ায় সংঘর্ষে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় গতকাল সোমবার দুপুরে যাত্রীবাহী মাইক্রোবাস ও লবণবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাসের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

একই দিন সন্ধ্যায় ফেনীর দাগনভূঞা উপজেলার ফেনী-নোয়াখালী সড়কের মাতুভূঞা পুল এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

চকরিয়ায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফকিরখিল গ্রামের হিমাংশু বিমল দাশের ছেলে কমল দাশ (৩৮)। অন্য দুজন হলেন, কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের শরিফা বেগম (৩০) ও তাঁর মেয়ে অাঁখি মনি (৪) পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তাঁদের মধ্যে গুরুতর দগ্ধ অবস্থায় কাজলী দাশ (৩২), তাঁর মেয়ে শীলা দাশ (১২), দীপা দাশ (১৮), রাবেয়া বসরী (৬০), তাঁর নাতনি জান্নাতুল মাওয়াকে (১৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অন্য আহত ব্যক্তিরা হলেন মাহমুদুল হক (২৫), অসীম ধর (৪০), মিজানুর রহমান (১৮), সিজার (২০), মোহাম্মদ করিম (২৭), নুরুল আলম (৫০), সুলতান আহমদ (৪০), নুরুল আমিন (৩৪) ও মোহাম্মদ শওকত (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চকরিয়াগামী মাইক্রোবাসটির সঙ্গে গয়ালমারা এলাকায় চট্টগ্রামগামী লবণবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় বিকট শব্দে মাইক্রোবাসে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চিরিংগা হাইওয়ে পুলিশের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজুর রহমান প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গয়ালমারা এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়ে তিনজন মারা গেছেন। আরও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দাগনভূঞায় নিহত তিনজনই দাগনভূঞা পৌরসভার চানপুর গ্রামের অধিবাসী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ফেনী-নোয়াখালী সড়কের মাতুভূঞা পুল এলাকায় সুগন্ধা পরিবহনের নোয়াখালী থেকে ফেনীমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়ে এবং বাসটি সড়কের ওপরেই উল্টে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহীসহ ১৩ জন আহত হন। দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মেছবাহ উদ্দিন (২৮) এবং ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে ওমর আমজাদ (২৩) ও মো. সুজন (২৪) মারা যান। ওমর আমজাদ ও মো. সুজন দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে। তাঁরা তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। আহত ব্যক্তিদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ারুল আজিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।