চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে ৩৫ বসতঘর উচ্ছেদ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে ৩৫টি বসতঘর উচ্ছেদ করেছে বন বিভাগ।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা এই অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মতলুবুর রহমান।
চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সম্প্রতি বরইতলী বন বিটের আওতাধীন বানিয়াছড়া এলাকার ২৫ একর সংরক্ষিত গর্জনবাগান দখল করে ৩৫টি অবৈধ বসতঘর গড়ে তোলা হয়। বিভিন্ন সময় বনকর্মীরা উচ্ছেদ অভিযানে গেলে দখলদারেরা তাঁদের বাধা দেন। গতকাল গর্জনবাগান থেকে অবৈধভাবে গড়ে তোলা ৩৫টি বসতঘর উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব উল করিম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, পদুয়া রেঞ্জ কর্মকর্তা কাজী আলাউদ্দিন।
হারবাং বন বিট কর্মকর্তা (বরইতলী বন বিটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোস্তাফিজুল হক বলেন, সংরক্ষিত বনের ভেতর আর কোনো অবৈধ বসতি গড়ে তুলতে দেওয়া হবে না। যেকোনো উপায়ে দখলদারদের প্রতিহত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে।