চকরিয়ায় সন্ত্রাসী হামলায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সন্ত্রাসী হামলায় শফিউল আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার রাতে নিজপানখালী এলাকায় সন্ত্রাসীরা ওই হামলা চালায়। নিহতের পারিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে শফিউল আলম উপজেলার বিনমারা গ্রামের নিজ বাড়ি থেকে চকরিয়া শহরে যাচ্ছিলেন। রাত নয়টার দিকে নিজপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের বেধড়ক মারধরে তিনি গুরুতর আহত হন। পরে ওই সন্ত্রাসীরা শফিউলের বাবা ফরুককে পথে পেলে তাঁর ওপরও হামলা চালায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শফিউলকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় শফিউল মারা যান। নিহতের পরিবারের লোকজন অভিযোগ করেন, ফারুক বাঁশ, বেত ও গৃহনির্মাণের কাজ করেন। দুই মাস আগে ফারুক তাঁর ভাতিজা ফরিদুল আলমের বাড়িতে বাঁশ ও বেতের কাজ করেন। ওই কাজের মজুরি বাবদ ফরিদের কাছে ফারুকের সাড়ে তিন হাজার টাকা পাওনা ছিল। গত রোববার সন্ধ্যায় মজুরির টাকা চাইতে গেলে ফরিদের সঙ্গে ফারুকের কথাকাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে ফরিদ ও তাঁর লোকজন ফারুক ও তাঁর ছেলে শফিউলের ওপর হামলা চালায়। হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।