চকরিয়ায় সন্ত্রাসীদের হামলায় প্রথম আলোর কর্মী আহত
কক্সবাজারের চকরিয়ায় গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রথম আলোর কর্মী মাহবুব এলাহী ও তাঁর ভাই গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে। মাহবুব (৪০) ও তাঁর ছোট ভাই আবু সাঈদ (৩৫) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার রাতে দুজনের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।জানা গেছে, মাহবুব প্রথম আলোর প্রধান কার্যালয়ের কম্পিউটার বিভাগের কর্মী। তাঁর ভাই সাঈদ কক্সবাজার প্রাথমিক শিক্ষা দপ্তরে চাকরি করেন। তাঁদের বাবার নাম জালাল আহমেদ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে মাহবুব সন্তান নিয়ে বাড়ির সামনের রাস্তায় হাঁটছিলেন। এ সময় স্থানীয় মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আলী ও মোহাম্মদ আরমান তাঁদের উত্ত্যক্ত করে। এ সময় প্রতিবাদ করলে ইউনুসের নেতৃত্বে আট-নয়জন ছুরি ও কিরিচ নিয়ে মাহবুবের ওপর হামলা চালায়। মাহবুবের চিৎকার শুনে আবু সাঈদ এগিয়ে এলে তাঁকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে হামলাকারীরা। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মাহবুব জানান, ইউনুসের বাবা শামসুল আলম মাঝি কয়েক বছর আগে তাঁদের জমি ভাড়া নিয়ে একটি বরফ কল বসান। দীর্ঘদিন ধরে তাঁরা জমির ভাড়া পরিশোধ না করে আরও একটি কল বসানোর চেষ্টা করছিলেন। এ নিয়ে কয়েক দিন ধরে বিরোধ চলছে। এ কারণে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন প্রথম আলোকে জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা পলাতক। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।