চকরিয়ায় সর্বরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার!
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মছন সিকদার পাড়া থেকে গতকাল শুক্রবার ভোরে সর্বরোগ বিশেষজ্ঞ নাছির উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
নাছির উদ্দিন দুই বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে সর্বরোগের চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে আসছেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সামাজিক বনায়নের কয়েক হাজার গাছ নিধন করে পাচারের অভিযোগে।
এলাকার লোকজন জানান, দুই বছর ধরে নাছির উদ্দিন ও তাঁর বাবা হাবিবুর রহমান মাথায় সাদা কাপড় পেঁচিয়ে ঘোষণা দেন, তাঁরা স্বপ্নে সব ধরনের রোগের আরোগ্যের ক্ষমতা পেয়েছেন। সেই থেকে ওই এলাকায় দালাল বাহিনী গঠন করে কল্পকাহিনি প্রচার করে সর্বরোগের চিকিৎসা শুরু করেন তাঁঁরা।
এ সুযোগে নাছির উদ্দিন ও তাঁর দালালেরা সাধারণ মানুষের কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে পুলিশ নাছির উদ্দিন, তাঁর ভাই হাসেম ও তাঁদের বাবা হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাঁরা জামিনে বেরিয়ে এসে আবারও একইভাবে সর্বরোগের চিকিৎসা দিয়ে আসছেন। এখন তাঁরা ওই এলাকায় একটি বাহিনী গড়ে তুলেছেন।
হারবাং বন বিট কর্মকর্তা আবুল বশর বলেন, নাছির উদ্দিন তাঁর গঠিত একটি বাহিনী দিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বনের গাছ কেটে উজাড় করে আসছেন। গত সাত দিনে হারবাং বন বিটের সামাজিক বনায়নের হাজার হাজার গাছ নিধন করেছে তাঁর বাহিনী।
চকরিয়া থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, নাছিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গতকাল চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।