চকরিয়ায় সাংসদের গাড়ির ধাক্কায় এক ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় জাতীয় পার্টির সাংসদ মোহাম্মদ ইলিয়াছের গাড়ির ধাক্কায় আবু হুরাইরা মো. শিবলী (১৩) নামের সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্র আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু হুরাইরা খুটাখালী ইউনিয়নের পাগলিরবিল এলাকার শামসু উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনেরসাংসদ মোহাম্মদ ইলিয়াছ ব্যক্তিগত গাড়ি নিয়ে চকরিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন। পথে পাগলিরবিল সেতু পার হওয়ার সময় সাংসদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসাছাত্র আবু হুরাইরাকে ধাক্কা দেয়। এ সময় আবু হুরাইরা সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। সাংসদ অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

হুরাইরার চাচা হেলাল উদ্দিন বলেন, ‘এমপি সাহেব কথা দিয়েছেন সব খরচ বহন করবেন। তাঁর কথা ঠিক থাকলে আমাদের বলার কিছু নেই।’

মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সুমন দাশ বলেন, ‘আবু হুরাইরা মাথা, মুখমণ্ডল ও হাতে আঘাত পেয়েছে। তার চিকিৎসা চলছে। সে আশঙ্কামুক্ত।’

সাংসদের ব্যক্তিগত সহকারী নাজেমউদ্দিন দাবি করেন, ‘আবু হুরাইরা গাড়ির সামনে দৌড় দিতে গিয়ে সামান্য আঘাত পেয়েছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলেটিকে সাংসদ নিজেই হাসপাতালে দেখতে গেছেন এবং তার চিকিৎসার সব ব্যয় সাংসদ বহন করছেন।’