চকরিয়ায় সেনা ক্যাম্পে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে প্রদর্শনী
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালির ৬৫ পদাতিক ব্রিগেড সেনা সদর দপ্তরে গতকাল রোববার অন্য রকম এক প্রদর্শনীয় আয়োজন করা হয়েছে।‘ইতিহাস কথা বলে, সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক স্থিরচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে সেনাসদস্যরা মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের সঠিক ইতিহাস জানতে পেরেছেন।সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রিগেড কমান্ডার মেসবাহ-উল আলম চৌধুরী। দ্বিতীয় অধিবেশনে প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের প্রদর্শনী সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) শওকত আলী। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আয়োজনে ও ৬৫ পদাতিক ব্রিগেড সদর দপ্তরের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ব্রিগেড কমান্ডারের উদ্বোধনের পর পরই স্থিরচিত্র প্রদর্শনীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরে ব্রিগেড কমান্ডারসহ পৃথকভাবে এই ব্রিগেডের সব ইউনিটের অধিনায়ক, অফিসার, জেসিও, অন্যান্য পদবির সৈনিকসহ প্রায় চার শতাধিক সেনাসদস্য ঘুরে ঘুরে এসব প্রদর্শনী দেখেন।