চকরিয়ায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও বিনা মূল্যে স্বাস্থ্যসেবা
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ৬৫ পদাতিক ব্রিগেড সদস্যরা গতকাল শনিবার প্রায় তিন হাজার শীতার্ত দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। পাশাপাশি হাজারো মানুষকে দেওয়া হয় বিনা মূল্যে চিকিৎসাসেবা। এলাকাবাসী জানান, সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের খবর পেয়ে সকাল থেকে বহু মানুষ চকরিয়ার মাতামুহুরী নদীর তীরে লক্ষ্যারচর বিমানবন্দর পাবলিক স্কুলমাঠে সমবেত হয়। দুপুর ১২টায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সেনাবাহিনীর ফাঁসিয়াখালী সদর ক্যাম্পের ব্রিগেডিয়ার তামিম। সন্ধ্যা পর্যন্ত চলে শীতবস্ত্র বিতরণ। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া।লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া সাংবাদিকদের জানান, তিন হাজারের মতো মানুষকে কম্বল, সোয়েটার, গেঞ্জি ও টুপিসহ নানা শীতবস্ত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আড়াই হাজার গরিব মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।সেনা সূত্র জানায়, ৬৫ পদাতিক ব্রিগেডের শীতকালীন প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি সেনা সদস্যরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।