চকরিয়ায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলায় গতকাল মঙ্গলবার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
তাঁরা হলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটাখালী গ্রামের মো. কালুর ছেলে লিটন মিয়া (২৬) ও উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল এলাকার বদিউল আলমের ছেলে আরিফুল ইসলাম (১৫)।
এলাকার অনেকে, ফায়ার সার্ভিস ও পুলিশ জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রবাসী জামাল হোসেন পুরোনো দালান ভেঙে নতুন একটি বাড়ি নির্মাণ করছেন৷ গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই দুজন নির্মাণশ্রমিক ওই বাড়ির নিচতলার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ঢোকেন৷ এ সময় ট্যাংকের গ্যাসে ওই দুই শ্রমিক আক্রান্ত হন৷ খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে ওই দুই শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷ সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন৷
লিটন মিয়া পেশায় রাজমিস্ত্রি ছিলেন৷ কিন্তু আরিফুল স্থানীয় ফাঁসিয়াখালী রসিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীতে লেখাপড়া করত৷
কান্নাজড়িত কণ্ঠে বদিউল আলম জানান, বাড়ির কাউকে না বলে গতকাল আরিফুল স্কুল ফাঁকি দিয়ে বন্ধুর সঙ্গে ওই প্রবাসীর বাড়িতে কাজ করতে যায়। আর এই কাজই তাকে মৃত্যুর দিকে েঠলে দিল৷
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ওই দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে তাঁদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।