চকরিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রীটির স্বজনেরা বলেন, গত বুধবার কোনাখালী ইউনিয়নে বোনের বাড়িতে বেড়াতে আসে ওই ছাত্রী। রাত নয়টার দিকে সে ভাগনিকে নিয়ে বোনের দেবরের বাড়িতে যাচ্ছিল। এ সময় দুই ব্যক্তি অটোরিকশা নিয়ে তাদের পথরোধ করে।
্বজনেরা বলেন, একজন ওই ছাত্রীর ভাগনিকে অটোরিকশায় আটকে রাখে। আরেকজন ওই ছাত্রীকে সড়কের পাশের মৎস্য ঘেরে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। ওই সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ছাত্রীটির বোন বলেন, মধ্যম কোনাখালীর চরপাড়ার মুজিবুল হক তাঁর বোনকে ধর্ষণ করেছে। এ সময় ফরহাদ নামের আরেক দুর্বৃত্ত তাঁর মেয়েকে অটোরিকশায় আটকে রাখে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, কক্সবাজার সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে।