চকরিয়ায় সড়ক দুর্ঘটনা মা-মেয়েসহ নিহত ৫
>‘যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বাসটি দ্রুতগতিতে চলছিল। এ সময় বাসচালক তাঁর ব্যবহৃত মুঠোফোনটি হাতে নিলে গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এতে এই দুর্ঘটনা ঘটে’
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর আর্মি ক্যাম্প এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে গতকাল মঙ্গলবার বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্প এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিপের (স্থানীয়ভাবে ম্যাজিক গাড়ি হিসেবে পরিচিত) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিপের একটি অংশ সড়ক থেকে অনেক দূরে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এই দুর্ঘটনায় শিশুসহ আরও নয়জন আহত হন। হতাহত ব্যক্তিদের সবাই জিপের যাত্রী।
বাসের যাত্রী নাজেম উদ্দিন (৪৬) বলেন, বাসটি খুব দ্রুতগতিতে চলছিল। এ সময় বাসচালকের মুঠোফোনে কল এলে তিনি প্যান্টের পকেট থেকে ফোনটি বের করতে যান। এতে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা জিপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা গ্রামের বাহাদুর আলমের স্ত্রী নুর নাহার বেগম (৩৮), তাঁর মেয়ে আয়শা বেগম (১৫), রংমহল এলাকার তারেক জিয়া (২১), সাহারবিলের মাইজঘোনার আহাদুল করিম (২০) ও কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের সিকদারপাড়ার আবু ছৈয়দ (৬০)।
আহত ব্যক্তিদের মধ্যে সানজিদা আকতার (৩৫) ও তাঁর ছয় মাস বয়সী ছেলে মো. আবদুল্লাহ এবং তাসকিনা বেগম (১৮) ও মোরশেদা বেগমকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আনোয়ারা বেগম (৩৩) ও তাঁর মেয়ে জান্নাতুল মরিয়ম (২) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কফিল উদ্দিন (৪৫), পারভিন আকতার (৩০) ও আবদুল মতলব (৫০) মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বাসটি দ্রুতগতিতে চলছিল। এ সময় বাসচালক তাঁর ব্যবহৃত মুঠোফোনটি হাতে নিলে গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এতে এই দুর্ঘটনা ঘটে।’
একজন পুলিশ সদস্য জানান, লাশগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
ছগিরশাহ কাটা গ্রামে নিহত নুর নাহার বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকার্ত শত শত মানুষের ভিড়। মো. কলিম উল্লাহ নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলা নিষেধ হলেও চালকেরা তা শুনছেন না। এতে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে সরকারকে আরও কঠোর হতে হবে।
বৃদ্ধ নুরুল হক বলেন, বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নইলে সড়ক দুর্ঘটনা কমবে না।