চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কক্সবাজারের চকরিয়া উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুরে পিকআপ ভ্যান ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, চকরিয়া থেকে কক্সবাজারগামী পিকআপ ভ্যানের সঙ্গে দুপুর দুইটার দিকে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন গুরুতর আহত হন। আহতদের মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতেরা হলেন চকরিয়া উপজেলার সিকদার পাড়ার সাজিদ হোসেন (২৪), হাজী পাড়ার আনোয়ার হোসেন (৭০) ও কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকার মোহাম্মদ গোলাম সোবহান (৬৭)। আহতদের মধ্যে তিনজনকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে, দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, ‘দুর্ঘটনা-কবলিত গাড়ি দুইটি উদ্ধার করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। পরিবারের লোকজন আবেদন করলে নিহতদের লাশ দিয়ে দেওয়া হবে।’