চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া এলাকায় গতকাল শুক্রবার নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরী গ্রামের বাসিন্দা শংকর দাশ (২৬), মৃদুল ঘোষ (২৬) ও আনন্দ দে (২৬)। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, গত বৃহস্পতিবার রাতে ভরামুহুরী গ্রামের বাসিন্দা রাজন আচার্য্যের বিয়ে অনুষ্ঠিত হয় চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায়। অনুষ্ঠান শেষ করে ১৮ জন বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি চকরিয়ার উদ্দেশে রওয়ানা দেয়। ভোর সাড়ে চারটার দিকে সেটি পদুয়া এলাকায় পৌঁছার পর চালক মুঠোফোনে কথা বলা শুরু করেন। এ সময় যাত্রীরা নিষেধ করলেও চালক কথা বলা অব্যাহত রাখেন। এরই একপর্যায়ে মুঠোফোনটি হাত থেকে পড়ে গেলে চালক সেটি নিচ থেকে তুলতে গেলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মাইক্রোটির। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চালক পলাতক। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।