সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও একটি যাত্রীবাহী জিপ গাড়ির সংঘর্ষে মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। হতাহতেরা সবাই জিপ গাড়ির যাত্রী ছিলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা গ্রামের নুর নাহার বেগম (৩৮), তাঁর মেয়ে আয়শা বেগম (১৫), রংমহল এলাকার তারেক জিয়া (২১), সাহারবিল মাইজঘোনা এলাকার আহাদুল করিম (২০) ও কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের সিকদার পাড়ার আবু ছৈয়দ (৬০)। আহতেরা হলেন সানজিদা আকতার (৩৫) ও তাঁর ছয় মাস বয়সী ছেলে মো. আবদুল্লাহ, তাসকিনা বেগম (১৮), মোরশেদা বেগম (৩৫), আনোয়ারা বেগম (৩৩) ও তাঁর মেয়ে জান্নাতুল মরিয়ম (২), কফিল উদ্দিন (৪৫), পারভিন আকতার (৩০) ও আবদুল মতলব (৫০)। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ইউনিক পরিবহনের একটি বাস ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
মালুমঘাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন বলেন, লাশগুলো উদ্ধার করে তাঁদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। বাস ও জিপ গাড়ি আটক করা হয়েছে। তবে বাস চালক ও তাঁর সহকারী এবং জিপ গাড়ির চালক পালিয়ে গেছেন।