চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মা মেয়েসহ নিহত ৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলার মৌলভীর কুম এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন রুবি আক্তার (২৫) ও তাঁর সাত মাসের শিশুকন্যা রিয়া চৌধুরী, সুমি আক্তার (১৮) নামের এক তরুণী এবং সিএনজি অটোরিকশার চালক নূর মোহাম্মদ (২৬)। দুর্ঘটনায় রুবি আক্তারের স্বামী সায়মন ইসলামসহ (৩২) দুজন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের সবার বাড়ি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের লম্বাখালী পাড়ায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বদরখালী এলাকা থেকে সায়মন ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে সিএনজি অটোরিকশাযোগে ডুলাহাজারা এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশাটি মৌলভীর কুম এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে রুবি আক্তার মারা যান। চিরিঙ্গা মহাসড়ক পুলিশের সার্জেন্ট মো. নিজাম উদ্দিন বলেন, সিএনজি অটোরিকশা ও ট্রাকটি আটক করা হয়েছে।