চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা স্টেশনে গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। আহত ব্যক্তিদের চকরিয়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘড়িভাঙ্গা গ্রামের মৃত আকতার মিয়ার ছেলে আবদুল গফুর (৪৫) ও বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বদরুল আলমের ছেলে তৌসির (৪)। পুলিশ জানিয়েছে, চিরিঙ্গা-বদরখালী সড়কের মাইজঘোনা স্টেশনে দুটি মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই যাত্রী মারা যান। আহত হয় ১০ যাত্রী। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ছাড়া নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।