চকরিয়ায় ৭০০ বস্তা সার নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুরোনো বাসস্টেশন এলাকা থেকে জব্দ করা ৭০০ বস্তা সার নিলামে তোলার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম অভিযান চালিয়ে দুটি ট্রাকভর্তি এসব সার জব্দ করেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এদিকে অবৈধভাবে সার পরিবহনের দায়ে একটি ট্রাকের চালক মো. ইসমাইল এবং অন্য ট্রাকের চালকের সহকারী মো. রাসেলকে আড়াই হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একটি ট্রাকের চালক পালিয়ে যান।
ট্রাকের চালকের সহকারী দণ্ডপ্রাপ্ত মো. রাসেল বলেন, আশুগঞ্জ থেকে গত মঙ্গলবার ট্রাকে সার বোঝাই করা হয়। বুধবার দুপুরে তাঁরা চকরিয়ায় পৌঁছান। চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সার ডিলার সরওয়ার অ্যান্ড কোংয়ের মালিক সরওয়ার কামাল এসব সার এনেছেন।
ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, সরওয়ার অ্যান্ড কোং সারের মালিকানার পক্ষে কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো তিন দিনের মধ্যে নিলামে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, নিয়ম অনুযায়ী এক ইউনিয়নের ডিলার অন্য কোনো ইউনিয়নে সার বিক্রি করতে পারেন না। কিন্তু সরওয়ার কামালের বিরুদ্ধে চোরাই পথে সার এনে অন্য এলাকায় বিক্রির অভিযোগ আছে।
ইউএনও জানান, নিয়ম লঙ্ঘন করে বান্দরবানের লামা উপজেলায় সার বিক্রির দায়ে গত ৬ অক্টোবর সরওয়ার কামালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
এদিকে জব্দ করা সারের বস্তায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার সিল দেওয়া আছে।
মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে সরওয়ার কামালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।