চকরিয়ায় ৯৫ ঘনফুট কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ও মামুরডেরা এলাকা থেকে ৯৫ ঘনফুট সেগুন ও গর্জনকাঠ উদ্ধার করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা গত বুধবার এসব কাঠ উদ্ধার করেন। এ সময় বনকর্মীদের সঙ্গে বনদস্যুদের পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে।জানা গেছে, বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ের অদূরে বুধবার রাতে একটি শতবর্ষী গর্জনগাছ কেটে নৌকায় করে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত হন। সেখানে তাঁদের সঙ্গে বনদস্যুদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বনকর্মীরা ফাঁকা গুলি ছুড়লে বনদস্যুরা পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে বনদস্যুরা পালিয়ে যায়। শেষে সেখান থেকে ৮০ ঘনফুট গর্জনকাঠ উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে একদল বনদস্যু মামুরডেরা সেগুনবাগান থেকে একটি সেগুনগাছ কেটে টুকরো করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে খবর পেয়ে ফরেস্টার আবদুস সালাম ও তোফাজ্জলের নেতৃত্বে বনকর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় বনদস্যুরা বনকর্মীদের ধাওয়া করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনকর্মীরা গুলি ছুড়লে বনদস্যুরা গহিন অরণ্যের দিকে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৫ ঘনফুট সেগুনকাঠ উদ্ধার করা হয়।