চকলেট কারখানার শ্রমিকদের মানববন্ধন
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদের চালা এলাকার একটি চকলেট কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। এতে কারখানার শতাধিক শ্রমিক যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেরাইদের চালায় অবস্থিত বহুজাতিক প্রতিষ্ঠান পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ (প্রা.) লিমিটেডের শ্রমিকরা বিভিন্ন দাবিতে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ী সড়কে মানববন্ধন করেন।
শ্রমিকদের দাবিগুলো হলো বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী এবং বহুজাতিক কোম্পানির নিয়মানুযায়ী বার্ষিক লভ্যাংশ প্রদান, ন্যূনতম মূল বেতন আট হাজার টাকা নির্ধারণ, প্রতিবছর শ্রমিকের মাথাপিছু প্রতি টন উৎপাদনের অনুকূলে ২০ টাকা উৎপাদন বোনাস প্রদান, ঝুঁকি ভাতা প্রদান ও অসৎ কর্মকর্তাদের অপসারণ করা।
শ্রমিক শামিম হোসেন বলেন, এসব দাবিতে কারখানার শ্রমিকেরা গত ২ জুন বিকেল থেকে কর্মবিরতি শুরু করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবেন না।
কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক রেজাউল কুদ্দুস বলেন, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী এবং বহুজাতিক কোম্পানির নিয়মানুযায়ী ২০০৯ সাল থেকে বার্ষিক লভ্যাংশ দেওয়া হচ্ছে। গত বছর লাভ কম হওয়ায় এবার তাঁরা বার্ষিক লভ্যাংশ কম পাবেন—এমন ঘোষণা শোনার পর শ্রমিকেরা অন্দোলন শুরু করেন। তাঁরা মাথাপিছু বার্ষিক লভ্যাংশ এক লাখ ৩০ হাজার টাকা দাবি করছেন।:n: