চকলেট কেনা নিয়ে সংঘর্ষ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকলেট কেনা নিয়ে বিবাদের জের ধরে রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ ও দুর্গাপুর উপজেলার পালশা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগ নেতাসহ ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় পালশা ও মোহনগঞ্জের মধ্যবর্তী মোহনগঞ্জ বাজারে উজ্জ্বলের মুদি দোকানে চটলেট কিনতে যান পালশা গ্রামের শরিফুল (২৮) ও কোরবান (২৯)। দোকানি উজ্জ্বলকে দুই টাকা দিয়ে দুটি মিল্ক ক্যান্ডি চটলেট দেন। একটির ভেতরে চকলেট না থাকায় শরিফুল উজ্জ্বলের কাছে আরেকটি চকলেট চান। কিন্তু উজ্জ্বল না দিতে চাইলে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি হলে তিনজনই আহত হন। স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় শরিফুল ও কোরবানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পালশা গ্রামের লোকজন মোহনগঞ্জে হামলা চালাতে গেলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে পালশা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেন্টু প্রামাণিক, সাধারণ সম্পাদক ইসলামসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষ মামলা বা অভিযোগ করেনি।