চকে ইফতারির রমরমা বাজার

চকবাজার শাহি মসজিদের সামনের সড়কে অগণিত মানুষ। মাথার ওপর নানা রঙের শামিয়ানা টানিয়ে ইফতারির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। চারদিকে ক্রেতা-বিক্রেতাদের হই-হুল্লোড় আর হাঁকডাক। ইফতারির বাজারে রমরমা অবস্থা।
পুরান ঢাকার চকবাজারের এই ইফতারির আলাদা খ্যাতি আর ঐতিহ্যের কথা অনেকেরই জানা। পবিত্র রমজানের শুরু থেকেই প্রতিদিন দুপুর থেকে চকবাজারে ইফতারির বাজার বসে। তবে এই ঐতিহ্যবাহী ইফতারির বাজারে খাদ্য তৈরি ও পরিবেশনায় পরিচ্ছন্নতার অভাব রয়েছে। এ ছাড়া খাবারে ক্ষতিকর রং মেশানোরও অভিযোগ আছে।
প্রথম রমজানে চকবাজারের ইফতারির বাজার পরিদর্শন করে ভেজাল ও বাসি খাবার বিক্রি করতে নিষেধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। কিন্তু এখানে এখনো ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়নি।
গতকাল শনিবার বিকেলে দেখা গেল, বৃষ্টিভেজা চকবাজারের চারদিকে স্থায়ী-অস্থায়ী সব দোকানেই যথেষ্ট ভিড়। বাতাসে মুখরোচক খাবারের গন্ধ। হাজারো মানুষ ইফতারি কিনতে এসেছেন এখানে। যাঁরা দোকান থেকে বের হচ্ছেন, তাঁদের সবার হাতে ব্যাগভর্তি ইফতারি। এসব ইফতারির মধ্যে আছে মুরগি ও খাসির রোস্ট, সুতি কাবাব, প্রায় এক কেজি ওজনের জিলাপি, কাচ্চি, তেহারি, মোরগ পোলাও, হালিম, লাচ্ছি, পিঠা, পায়েস, ঘুগনি, পনির, ছোলা, মুড়ি, সমুচা, শিঙাড়া, নিমকি, খেজুর, বেগুনি, আলুর চপসহ হরেক রকম উপকরণ। এ ছাড়া আম, জাম, কাঁঠাল, পেয়ারা, তরমুজ, পেঁপে, আনারস, বাঙ্গি, শসা, ধনে পাতা, পুদিনা পাতাসহ দেশি-বিদেশি ফলে ও সবজিতে ভরপুর চকবাজার সার্কুলার রোড।
চকবাজারের একটি দোকানে সুর করে দোকানিরা বলছেন, ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায়!’ কিন্তু ইফতারির দোকানগুলোতে অধিকাংশ দোকানি ও কর্মীর মাথায় ক্যাপ ও হাতে গ্লাভস ছিল না। খাদ্যসামগ্রী ছিল খোলামেলা। তার ওপর মাছি উড়তে দেখা গেছে। বৃষ্টির কারণে পুরো চকবাজার কাদাপানির মাখামাখি।
চকবাজারে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও দোকানি জানান, চকবাজারের ইফতারির অনেক উপকরণ সেই মোগল আমল থেকে চলে আসছে। আবার অনেক উপকরণ নতুন সংযোজিত হয়ে বৈচিত্র্য বাড়িয়েছে ঢাকার ইফতারির। ক্রেতারা প্রয়োজনে তো কিনছেনই, কেউ আবার কিনেছেন নিতান্তই শখের বশে। বিক্রেতারা লাভের চেয়ে আনন্দই বেশি উপভোগ করেন।
চকবাজার শাহি মসজিদের সামনে বংশপরম্পরায় মুরগি, খাসির রোস্টসহ বিভিন্ন ইফতারসামগ্রী বিক্রি করছেন আবিদুর রহমান। কিন্তু মুরগি ও খাসির রোস্টগুলোতে মাত্রাতিরিক্ত তেল-মসলা রয়েছে। মাংসের রং দেখে মনে হয়, এসব খাদ্য কয়েক দিন আগে তৈরি করা। জানতে চাইলে আবিদুর বলেন, মসলা বেশি করে দিলে খাবারের স্বাদ ভালো থাকে। আর তেলের কারণে মাংস সতেজ দেখায়। বিক্রি না হওয়া মাংসগুলো গরম করে আবার পরের দিন বিক্রি করা হবে বলে জানান তিনি।
চকবাজারে ইফতারির দাম একেক দোকানে একেক রকম। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, মুরগির রোস্ট প্রতিটি ২৫০ থেকে ৩৫০ টাকা, সুতি কাবাব ৩০০ থেকে ৫০০ টাকা কেজি, খাসির রানের রোস্ট ৪০০ থেকে ৭০০ টাকা, শিক কাবাব প্রতিটি ৮০ থেকে ১০০ টাকা, কিমা পরোটা প্রতিটি ২০ থেকে ৫০ টাকা। এক কেজি ওজনের একেকটি শাহি জিলাপি বিক্রি হচ্ছে কোনো কোনো দোকানে ১৪০ থেকে ২২০ টাকা। এ ছাড়া দেশি ফলসহ ইফতারের নানা সামগ্রী বিভিন্ন দামে বিক্রি হচ্ছে চকবাজারে।
আজিমপুর ছাপরা মসজিদ এলাকা থেকে চকবাজারে ইফতারি কিনতে এসেছেন কামাল মিয়া। তিনি বলেন, ‘প্রতি রমজানে অন্তত একবার এই বাজারে ইফতারি কিনতে আসি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল ও বাসি খাবার বিক্রি করায় ঐতিহ্যবাহী এই বাজারের খাবারের চাহিদা কমে যাচ্ছে। পরিবারের সদস্যরা আগের মতো এই বাজারের ইফতারি পছন্দ করেন না। এভাবে চলতে থাকলে হয়তো একসময় পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই বাজার হারিয়ে যাবে।’