ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একধরনের চক্রের মধ্যে আটকা পড়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল সোমবার হাসপাতাল পরিদর্শন করতে এসে সেখানে নানা অসংগতি দেখে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এ সময় মানবাধিকার কমিশনের সদস্য ফাউজিয়া করিম ফিরোজ ও হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাজিমুন নেসা তাঁর সঙ্গে ছিলেন।সরেজমিন গিয়ে কমিশনপ্রধান দেখেন, চ্যাংদোলা করে এক্স-রে করতে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। দোতলার ৫ নম্বর ওয়ার্ড থেকে ট্রলি ছাড়াই তাঁকে এভাবে নিয়ে আসা হচ্ছিল নিচতলায়। মিজানুর রহমান বলেন, একধরনের চক্রের মধ্যে পড়ে গেছে দেশের বৃহৎ এই হাসপাতালটি। কোথাও কোথাও টাকা ছাড়া কোনো কাজ হয় না, আবার কোথাও সমস্যা মানসিক। মেডিকেলে ঢোকার পথে মনে হয়, এটি একটি ব্যবসাকেন্দ্র হয়ে গেছে। সরকারি হাসপাতালে এটি কাম্য নয়।এক প্রশ্নের উত্তরে মিজানুর রহমান বলেন, ঢাকায় অনেক উন্নয়নের অবকাশ রয়ে গেছে। এ থেকে গ্রাম পর্যায়ে হাসপাতালগুলোর অবস্থা অনুমান করা যায়। জেলায় মানুষ সেবা পায় না বলেই ঢাকায় চাপ বাড়ছে।মিজানুর রহমান প্রতিনিয়ত মনিটরিং, রোগীদের নিজের অধিকার সম্পর্কে সচেতন করা, অধিকার নিশ্চিত করা, অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।কমিশন বহির্বিভাগের স্ত্রীরোগ বিভাগে ঢুকতেই এক রোগী কর্তব্যরত চিকিৎসকের সামনেই অভিযোগ করেন, তাঁদের কোনো ওষুধ দেওয়া হয় না। ওষুধের নাম লিখে দিয়ে বাইরে থেকে নিয়ে আসতে বলেন চিকিৎসকেরা। এ ধরনের অভিযোগ করেছেন আরও অনেকে।রোগীর সঙ্গে দ্বিমত পোষণ করেন কর্তব্যরত চিকিৎসক। তাঁর দাবি, ওষুধ দেওয়া হয়, তবে সব ওষুধ নয়, যেসব ওষুধের সরবরাহ থাকে, সেগুলো দেওয়া হয় বিনা মূল্যে।এরপর হাসপাতালের বারান্দায় থাকা রোগী এবং ৫ ও ৬ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন কমিশনের চেয়ারম্যান। এ সময় তিনি রোগীদের সঙ্গে হাসপাতালের সেবার বিভিন্ন বিষয় সম্পর্কে আলাপ করেন।