চাঁদপুর ২৫০ শয্যার সদর হাসপাতালে প্রায় এক বছর ধরে চক্ষু চিকিৎসক নেই। এতে চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীরা এখানে এসে চিকিৎসা নিতে পারছেন না। তাঁদের বেশি টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, এই হাসপাতালে দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠ বিশেষজ্ঞ (চক্ষু) মনোজ কুমার মজুমদার চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি গত বছরের ৩ ফেব্রুয়ারি অবসরে যাওয়ার পর পদটি শূন্য হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, এখানে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন চক্ষু রোগী এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।
হাসপাতালের সাবেক চক্ষুরোগ বিশেষজ্ঞ মনোজ কুমার মজুমদার বলেন, ‘আমি এই হাসপাতালে থাকা অবস্থায় প্রতিদিন ৫০ জন রোগীকে চিকিৎসা দিয়েছি। এখন এসব রোগী বিভিন্ন প্রাইভেট ক্লিনিক বা কুমিল্লা ও ঢাকায় গিয়ে চিকিৎসা নিচ্ছেন।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রদীপ কুমার দত্ত বলেন, ‘এখানে চক্ষু চিকিৎসকের দুটি পদ রয়েছে। বর্তমানে একজনও নেই। এ ছাড়া কিছু চোখের পরীক্ষা ও চিকিৎসার যন্ত্রপাতিও নেই। সেসব যন্ত্রপাতির জন্য এবং একজন সিনিয়র কনসালট্যান্ট ও একজন জুনিয়র কনসালট্যান্টের অতি জরুরি প্রয়োজন দাবি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেক লেখালেখি করেছি।’