চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে চক্ষু বহির্বিভাগ চালু করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। নগরের আলকরণ এলাকায় এই হাসপাতাল অবস্থিত।
অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালকে উন্নত মানের আধুনিক পূর্ণাঙ্গ হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে চক্ষু বহির্বিভাগ চালু করা হয়েছে। রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের পরামর্শক চিকিৎসক প্রীতি কণা বড়ুয়া প্রমুখ।