চক্ষু বিভাগে ছয় নতুন যন্ত্রের সংযোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষকে স্বল্প মূল্যে উন্নত চিকিৎসাসেবা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষুবিজ্ঞান বিভাগে ছয়টি নতুন যন্ত্র সংযোজন করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মুস্তাফিজুর রহমান গতকাল মঙ্গলবার সকালে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে যন্ত্রগুলোর কার্যক্রম উদ্বোধন করেন।
ওই যন্ত্রগুলো হলো কালার ফান্ডাস ফটোগ্রাফি, ফ্লুরোসিন এনজিওগ্রাফি, বি-স্কেন, পেকিমেট্রি, ইয়াগ লেইজার ক্যাপসুলোটোমি ও বায়োমেট্রি।
যন্ত্রগুলো স্থাপনের ফলে সাধারণ রোগীরা এখন থেকে ব্লাড প্রেশারের কারণে চোখের রেটিনা সমস্যা, চোখের আলট্রাসনোগ্রাম, ছানি-পরবর্তী জটিলতায় লেজার প্রয়োগ, ছানির জন্য প্রতিস্থাপিত কৃত্রিম লেন্সের পাওয়ার মাপা এবং গ্লুকোমা রোগের ক্ষেত্রে খুবই কম মূল্যে চিকিৎসা নিতে পারবেন।
চক্ষুবিজ্ঞান বিভাগের প্রধান মাকসুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে যন্ত্রগুলো সংযোজন করা হয়েছে। রোগীদের দেওয়া অর্থ এসব যন্ত্র রক্ষণাবেক্ষণে ব্যয় করা হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী দীন মোহাম্মদ, উপাধ্যক্ষ ইসমাঈল হোসেন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।