চক্ষুসেবায় 'ভিশন সেন্টার' নির্মাণে ব্র্যাককে সহায়তা দেবে অরবিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার ফজলে হাসান আবেদের উপস্থিতিতে সমঝোতা চুক্তি হস্তান্তর করেন অরবিসের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ এবং ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক ডা. কাওসার আফসানা l ছবি: ব্র্যাকের সৌজন্যে
স্যার ফজলে হাসান আবেদের উপস্থিতিতে সমঝোতা চুক্তি হস্তান্তর করেন অরবিসের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ এবং ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক ডা. কাওসার আফসানা l ছবি: ব্র্যাকের সৌজন্যে

গ্রামাঞ্চলে হতদরিদ্র মানুষের জন্য উন্নত চক্ষু চিকিৎসাসেবা দিতে ব্র্যাক ও যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী, কাতার ডেভেলপমেন্ট ফান্ডের একটি প্রকল্প ‘কাতার ক্রিয়েটিং ভিশন’-এর আর্থিক সহায়তায় অরবিস ইন্টারন্যাশনাল হতদরিদ্র ও সাধারণ মানুষের চক্ষু চিকিৎসার জন্য দেশের চারটি স্থানে ‘ভিশন সেন্টার’ স্থাপনে ব্র্যাককে আংশিক সহায়তা দেবে। এগুলো নির্মাণ করা হবে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের আদলে। দিনাজপুরের খানসামা, ময়মনসিংহের নান্দাইল, খুলনার ডুমুরিয়া ও কুমিল্লার হোমনা উপজেলায় এ সেন্টারগুলো করা হবে। এসব নির্মাণের জন্য আংশিক সহায়তা হিসেবে ব্র্যাককে ১ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা দেবে অরবিস। এ চুক্তির মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুন মাসে।
অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, ‘আমাদের দেশে অনেকেই চোখের সমস্যায় ভুগছে। প্রাথমিক চিকিৎসাসেবার মাধ্যমে তাদের দেখতে সাহায্য করা অপরিহার্য। সকলের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা সমন্বিত হয়ে কাজ করব।’
অরবিসের এদেশীয় পরিচালক মুনির আহমেদ বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করে গেলে বাংলাদেশে ভিশন ২০২০-এর লক্ষ্য অর্জন সহজ হবে।’
অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে ব্র্যাক এ রকম আরও ১৬টি ভিশন সেন্টার নির্মাণ করবে। এর মূল লক্ষ্য হচ্ছে টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবার আওতায় আনা। এ ছাড়া মধ্যবিত্তসহ অন্যরাও স্বল্প খরচে রেজিস্ট্রেশন, চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক কাওসার আফসানা, অরবিসের পরিচালক (অপারেশনস) মো. আলাউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।