চঞ্চলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জে তরুণ নাট্যকার দিদারুল আলম চঞ্চল হত্যার রহস্য দ্রুত উদ্ঘাটন ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি হয়। নিহত নাট্যকার চঞ্চল হত্যার দুই বছর পূর্তিতে কর্মসূচি গ্রহণ করা হয়।
মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে গতকাল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব কবি হালিম আজাদ, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন ও নিহত চঞ্চলের বড় ভাই জোবায়ের ইসলাম।
সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি বলেন, ‘চঞ্চল খুন হওয়ার পর দুই বছর অতিবাহিত হলেও এ হত্যার রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। আমরা দ্রুত এ রহস্যের জট উন্মোচনের দাবি জানাই।’ তিনি আরও বলেন, চঞ্চল হত্যার দুদিন আগে ২০১২ সালের ১৫ জুলাই শহরের জামতলা এলাকায় প্রকাশ্যে ছাত্রলীগ নেতা মিঠুকে হত্যা করা হলো। নিহত মিঠুর পরিবার ওই ঘটনায় আজমেরী ওসমানকে প্রধান আসামি করে ফতুল্লা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে এজাহার থেকে ওসমান পরিবারের সন্তান আজমেরীর নাম বাদ দেওয়ার পর পুলিশ মামলা নেয়। একইভাবে ২০১১ সালের ১১ মে শহরের খানপুরের বাসা থেকে ডেকে নিয়ে তরুণ ব্যবসায়ী আশিক ইসলামকে হত্যা করা হয়। ওই ঘটনাতেও আজমেরীকে প্রধান আসামি করে সদর থানায় মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। অথচ আজমেরীর নাম বাদ দেওয়ার পর পুলিশ মামলা নেয়। ত্বকী হত্যাকাণ্ডের ক্ষেত্রেও একই অবস্থা। প্রতিটি ক্ষেত্রে প্রশাসনই প্রভাবশালী ওই পরিবারটিকে রক্ষা করে চলছে।