চটজলদি বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাসে দরজার সামনে স্ত্রীকে মারধরের ঘটনায় আবদুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খান সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আবদুর রহমান নগরের কদম মোবারক এলাকার জাফর আহমেদের ছেলে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ফয়সাল নুর প্রথম আলোকে বলেন, বুধবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় এজলাস কক্ষের দরজার সামনে মারধরের এ ঘটনাটি ঘটে। এ সময় এজলাসে বিচারকের আসনে বসা ছিলেন চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খান। তিনি নিজ চোখে এ ঘটনা দেখেন। ৩০ বছর বয়সী এক ব্যক্তি আদালতের দরজার সামনে একজন নারীকে মারধর করছেন। ওই ব্যক্তি চিৎকার ও হইহুল্লোড়ও শুরু করেন। বিচারক তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরায় থাকা পুলিশ কনস্টেবল নূপুর দাশকে হট্টগোলকারী ও মারধরকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। পুলিশ আবদুর রহমান এবং ভুক্তভোগী তাঁর স্ত্রী শারমিন আকতারকে আদালতে হাজির করে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ভুক্তভোগী শারমিন আকতার আদালতের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন, আবদুর রহমান তাঁর স্বামী। আবদুর রহমান প্রায়ই যৌতুকের দাবিতে তাঁকে মারধর করেন এবং তিনি দ্বিতীয় বিয়েও করেছেন। তিনি অন্য কাজে বুধবার আদালতে এসেছেন। তাঁকে দেখতে পেয়ে আদালতের দরজার সামনেই আবদুর রহমান মারধর শুরু করেন এবং মুঠোফোনসহ ব্যাগ ছিনিয়ে নেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক অভিযুক্ত আবদুর রহমানের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পান এবং সংক্ষিপ্ত বিচারের সিদ্ধান্ত নেন। আবদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে তিনি নিজ ইচ্ছায় দোষ স্বীকার করে কম শাস্তি প্রদানের জন্য আবেদন করেন। পরে বিচারক তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।