চটে বসে পাঠ নেয় শিক্ষার্থীরা
বৃষ্টি হলেই বিদ্যালয়ের ভেতর পানিতে ভেসে যায়। আকাশ মেঘাচ্ছন্ন হলে ছাত্রছাত্রীরা দৌড়ে বাড়ি চলে যায়। বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ নেই। শিক্ষার্থীরা চট বিছিয়ে ক্লাস করে। শ্রেণীকক্ষে দরজা-জানালা নেই। চালের টিন ও কাঠ নষ্ট হয়ে গেছে। নেই বাথরুম ও নলকূপ। জমিসংক্রান্ত জটিলতার কারণে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ১৮ নম্বর পারদিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ১৯৩৭ সালে বিদ্যালয়ের জন্য এলাকার সাফির উদ্দিন ভূঁইয়া ৬১ শতাংশ জমি দান করেন। ১৯৮০ সালে সরকারি বরাদ্দের টাকা দিয়ে আধাপাকা টিনের ঘর নির্মাণ করা হয়। সংস্কার না করায় বর্তমানে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। নতুন ভবন নির্মাণের জন্য ২০০৬ সালে ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু জমি নিয়ে জটিলতা থাকায় ওই বরাদ্দ বাতিল হয়ে যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফিকা সুলতানা জানান, আধাপাকা বিদ্যালয় ভবনটির টিন নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। শ্রেণীকক্ষে শিক্ষকদের বসার কোনো ব্যবস্থা নেই। তিনবার দরপত্র আহ্বান করা হলেও জমি নিয়ে জটিলতার কারণে ভবন নির্মাণের কাজ করা যাচ্ছে না।সহকারী শিক্ষক রাসেল আহম্মদ খান বলেন, ৬১ শতাংশ জমির মধ্যে মাত্র ২ শতাংশে বিদ্যালয় অবস্থিত। বাকি জমি সাফির উদ্দিন ভূঁইয়ার নাতি মাসুম ভূঁইয়া দখল করে রেখেছেন। মাসুম ভূঁইয়ার দাবি, ওই জমি তাঁর। কিন্তু আরএস রেকর্ড অনুযায়ী ওই জমির খাজনা পরিশোধ করছে স্কুল কর্তৃপক্ষ। তিনি বলেন, ‘বিদ্যালয় করার জন্য আমার দাদা মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলেন, লিখিতভাবে দেননি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, ‘ভবনের অবস্থা খুবই খারাপ। জমির দলিল খুঁজে না পাওয়ায় আমরা নতুন ভবন নির্মাণ করতে পারছি না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম বলেন, জমি না থাকায় ইমারত নির্মাণ করা যাচ্ছে না।