চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীর নিম্নাঞ্চল প্লাবিত
টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের কারণে চট্টগ্রামের মিরসরাই, কক্সবাজারের আট উপজেলা ও ফেনীর সোনাগাজী উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও কার্যত বন্যা পরিস্থিতি চলছে।মিরসরাইয়ে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কক্সবাজারের আট উপজেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ফেনীর সোনাগাজী উপজেলায় আউশ ও আমনের বীজতলা তলিয়ে গেছে।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কক্সবাজার: কক্সবাজারের আট উপজেলায় আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে জেলার প্রায় ৫০টি ইউনিয়নের তিন শতাধিক গ্রামের চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত সাত দিনের বন্যায় টেকনাফ, উখিয়া, সদর, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার ৬০টির বেশি ইউনিয়নে কয়েক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়। এ সময় প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। বন্যার পানিতে ভেসে ওই সময় মারা যায় আটজন। গতকাল রোববার বেলা ১১টায় কক্সবাজার শহরের ফদনারডেইল, নাজিরারটেক, নুনিয়াছটা এলাকায় গিয়ে দেখা গেছে, বৃষ্টি ও জোয়ারের পানিতে পাঁচ শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে।ফদনারডেইল গ্রামের জেলে মোহাম্মদ আলম জানান, সেখানে হাজার হাজার মানুষ বেকার জীবন কাটাচ্ছে। ডাল-ভাত খেয়ে কোনোমতে তাদের রোজা রাখতে হচ্ছে। কক্সবাজার পৌরসভার প্রধান সড়কের বাজারঘাটা, বৌদ্ধমন্দির সড়ক, বার্মিজ মার্কেট এলাকা বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। সদর উপজেলার ঝিলংজা, লিংকরোড, মুহুরীপাড়া, বিসিক এলাকা, বাংলাবাজার, খুরুলিয়া, কলঘর, তেচ্ছিরপুলসহ বিভিন্ন গ্রামের হাজার হাজার বসতবাড়ি বন্যার পানিতে নিমজ্জিত থাকতে দেখা গেছে। এসব এলাকায় লোকজন নৌকায় চলাচল করছে। দেখা গেছে, বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে সদর, রামু, চকরিয়া, টেকনাফসহ বিভিন্ন উপজেলার শত শত একরের বীজতলা। নষ্ট হচ্ছে কয়েক হাজার একরের শাকসবজির খেত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক নুরুল ইসলাম জোয়ার্দ্দার এর সত্যতা নিশ্চিত করেন। টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া জানান, শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাং, নিলা, হোয়াইক্যং, বাহারছড়াসহ অন্তত ২৮টি গ্রাম প্লাবিত হচ্ছে। মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক জানান, জোয়ারের প্রভাবে উপজেলার মাতারবাড়ি, ধলঘাটা, হোয়ানকসহ বিভিন্ন ইউনিয়নের অন্তত ৩২টি গ্রাম প্লাবিত হচ্ছে।কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, উপজেলার আলী আকবরডেইল, কৈয়ারবিল, উত্তর ধুরুং, লেমশিখালীসহ ছয়টি ইউনিয়নের ৩৪টি গ্রাম প্লাবিত হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, সাম্প্রতিক জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া বেড়িবাঁধের ৬০টির বেশি অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে জেলার তিন শতাধিক গ্রাম প্লাবিত হচ্ছে।এদিকে, টেকনাফ উপকূলে ঝড়ের কবলে পড়ে অর্ধশতাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। সেখানে ১১ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে নৌকার মালিক সূত্রে জানা গেছে।ফেনী ও সোনাগাজী: ফেনীর সোনাগাজী উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ছোট ফেনী নদীর সঙ্গে যুক্ত খালের মুখে পাউবো নির্মিত মিনি স্লুুইসগেট বন্ধ থাকায় এ জলবদ্ধতা আরও বেড়েছে। শত শত একর জমির আমনের বীজতলা এবং হাজার হাজার একর আউশ ধানের খেত তলিয়ে গেছে। উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার চর চান্দিয়া, চর দরবেশ ও সোনাগাজী সদর ইউনিয়নের বেশির ভাগ এলাকার আউশ ধান ও আমনের বীজতলা তলিয়ে গেছে। এ ছাড়া চর মজলিশপুর, বগাদানা ইউনিয়নের আংশিক এলাকাও জলাবদ্ধতার শিকার হয়েছে। চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুদ্দিন অভিযোগ করেন, ছোট ফেনী নদীসংলগ্ন স্লুইসগেটগুলো পাউবোকে একাধিকবার বলেও খোলা যায়নি।সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল্লাহ নূরী প্রথম আলোকে জানান, ব্যবস্থা নিতে তিনি ফেনীর পাউবোর নির্বাহী প্রকৌশলীকে মুঠোফোনে অনুরোধ করেছেন।মিরসরাই: চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। পাহাড়ি ঢলে ভেঙে গেছে উপজেলার ২০-২৫টি রাস্তা ও কালভার্ট। ভেসে গেছে মৎস্য খামার। এতে লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে মৎস্যচাষিদের। মিরসরাই কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত চার দিনের টানা বর্ষণে উপজেলার প্রায় দুই হাজার হেক্টর জমির রোপা আউশ নষ্ট হয়ে গেছে। আমনের বীজতলা বন্যার পানিতে ডুবে গেছে। শত শত একর সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা গেছে, মিরসরাই পৌরসভা, করেরহাট, হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী, জামালপুর, জোরারগঞ্জ ইউনিয়নের হাজীশ্বরাই, রঘুনাথপুর, তাজপুর, নন্দনপুর, গোপিনাথপুর, ওছমানপুর ইউনিয়নের পূর্ব ওছমানপুর, মরগাং, পাতাকোট, ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর, আবুরহাট, কাটাছরা ইউনিয়নের আংশিক, দুর্গাপুর ইউনিয়নের রায়পুর, পূর্ব দুর্গাপুর, দক্ষিণ সোনা পাহাড়, মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া, আমবাড়িয়া, কিছমত জাফরাবাদ, খৈয়াছরা ইউনিয়নের ফেনাফুনি, গোভনিয়া, পূর্ব খৈয়াছরা, মায়ানী ইউনিয়নের সৈদালী, ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর, মধ্যম ওয়াহেদপুর, দক্ষিণ ওয়াহেদপুর, গাছবাড়িয়া, মাইজগাঁও, ফরফরিয়া, বুজোর্গ উমেদনগর, খাজুরিয়া ও বড় কমলদহ এলাকায় পানিতে প্লাবিত হয়েছে।