সাভারে ভবনধসে হতাহতের ঘটনায় ভবন ও পোশাক কারখানার মালিকদের শাস্তির দাবিতে এবং কারখানা খোলা রাখার প্রতিবাদে গতকাল রোববার চট্টগ্রাম ও গাজীপুরে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হয়। গাজীপুরে মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। তাঁরা দুটি কারখানায় ভাঙচুর চালান। একই দিন গাজীপুরের টঙ্গীতে দুটি বন্ধ কারখানায় ভাঙচুর চালিয়েছেন ‘বহিরাগত’ যুবকেরা। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নগরের চামড়ার গুদাম এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে ১০০ জনের মতো পোশাকশ্রমিক হঠাৎ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সাভারে রানা প্লাজা ধসে শ্রমিক হতাহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন। তাঁরা রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন। একপর্যায়ে শ্রমিকেরা ওই এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রাকে ভাঙচুর চালান। গাজীপুর: এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার বেশ কয়েকটি কারখানা খোলা রাখার খবর পেয়ে আশপাশের এলাকায় বসবাসরত শ্রমিকেরা গতকাল সকালে সংঘবদ্ধ হন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা হোতাপাড়া এলাকার ফুয়াং ফুডস লিমিটেড ও সান পাওয়ার সিরামিকস কারখানায় হামলা চালান এবং ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন। উত্তেজিত শ্রমিকেরা বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সড়কের ওপরে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে তাঁরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরে পুলিশ শটগানের কয়েকটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। টঙ্গী (গাজীপুর): টঙ্গী বিসিক এলাকার কারখানার মালিক, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে কিছু ‘বহিরাগত’ যুবকসহ ৫০-৬০ জন বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে টঙ্গী বিসিক এলাকায় বন্ধ থাকা শাপলা নিটিং ও কেপরি এপারেলস কারখানার দেয়ালের কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিক ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে তাঁরা পালিয়ে যায়। স্থানীয় কারখানার মালিকেরা জানান, গত তিন দিনে টঙ্গীতে শতাধিক কারখানায় ভাঙচুর ও অসংখ্য যানবাহন ভাঙচুর করা হয়েছে।