চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে নতুন কমিশনার
চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগে গতকাল সোমবার নতুন কমিশনার নিয়োগ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আবদুল্লাহ, রংপুরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. দেলোয়ার বখত ও রাজশাহীতে কমিশনার হয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন আহমেদ। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের নিয়োগ দেওয়া হয়।মন্ত্রণালয়ের অপর আদেশে রংপুরের কমিশনার জসীম উদ্দিন আহমেদকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খানকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল মান্নানকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।এ ছাড়া গতকাল জনপ্রশাসনে আরও কয়েকজনকে বদলি করা হয়েছে।