চট্টগ্রাম অঞ্চলে ডেমু ট্রেনের যাত্রা শুরু
চট্টগ্রাম অঞ্চলের তিনটি রেলপথে গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনের। রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক গতকাল দুপুরে চট্টগ্রাম স্টেশনে ডেমুর উদ্বোধন করেন। এ সময় আরও দুজন মন্ত্রী উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর গতকাল চট্টগ্রাম-লাকসাম ও চট্টগ্রাম-ফৌজদারহাট রেলপথে ডেমু চলেছে। প্রতিদিন চট্টগ্রাম-ফৌজদারহাট রেলপথে ডেমু দুবার যাত্রী পরিবহন করবে। চট্টগ্রাম স্টেশন থেকে প্রতিদিন সকাল আটটা ১০ মিনিটে এবং বিকেল সাড়ে চারটায় এটি ছাড়বে। এই রেলপথে ১৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলপথে মাসিক হারে ভাড়া দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চট্টগ্রাম স্টেশন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ এ বি এম আবুল কাশেম, রেলসচিব আবুল কালাম আজাদ ও রেলের মহাপরিচালক মো. আবু তাহের।
বরখাস্তের আদেশ প্রত্যাহার হবে: ৭ মে চট্টগ্রাম স্টেশনে সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি কোচে আগুন দেওয়ার ঘটনায় সাময়িক বহিষ্কার হওয়া স্টেশনমাস্টারসহ চারজনের বরখাস্তের আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রেলপথমন্ত্রী।
ছাত্রলীগের দুর্ব্যবহার: চট্টগ্রাম স্টেশনে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে গতকাল শনিবার দুর্ব্যবহার করেছেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। তাঁরা এ সময় উপস্থিত সাংবাদিকদের শারীরিকভাবে নাজেহালের চেষ্টা করেন। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম মঞ্চ থেকে নেমে এসে পরিস্থিতি শান্ত করেন।