চট্টগ্রাম অঞ্চলে নতুন করদাতা ২৯০১ জন
চট্টগ্রাম অঞ্চলে আয়কর মেলায় এবার নতুন করদাতা হয়েছেন ২ হাজার ৯০১ জন। গতবারের চেয়ে আয়কর মেলায় করের আওতায় আসা ব্যক্তির সংখ্যা বেড়েছে। সাত দিনব্যাপী এই মেলা গতকাল সোমবার শেষ হয়েছে।
নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়কর মেলার শেষ দিনে গতকাল সেবা গ্রহণে আগ্রহী ব্যক্তিদের ভিড় ছিল। এ কারণে মেলা শেষ হওয়ার সময় এক ঘণ্টা বাড়ানো হয়। গতবারের চেয়ে এবার মেলায় আগ্রহী ব্যক্তিদের সাড়া বেশি পাওয়া গেছে বলে জানান আয়কর কর্মকর্তারা।
জিইসি কনভেনশন সেন্টার ছাড়াও চট্টগ্রাম কর অঞ্চলগুলোর অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সর্বনিম্ন এক থেকে সর্বোচ্চ চার দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলার তথ্য ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক ও কর আপিল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, এবারের মেলায় গতবারের চেয়ে নতুন করদাতার সংখ্যা ছিল বেশি। মেলায় সেবাগ্রহীতার সংখ্যা, আয়কর আদায় ও রিটার্ন জমার হারও গতবারের চেয়ে বেশি ছিল।
আয়কর বিভাগ থেকে পাঠানো তথ্যে জানানো হয়, গত বছরের মেলায় সেবাগ্রহীতা ছিলেন মোট ২ লাখ ৪৫ হাজার ৬৮৩ জন। এবার মেলায় সেবাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৭৩ হাজার ২০১ জনে। এবার মোট আয়কর আদায় হয়েছে প্রায় ৫১৬ কোটি ৯৬ লাখ টাকা। গত বছর আদায় হয়েছিল ৪৮২ কোটি ৫৫ লাখ টাকা।
এবার মেলায় পাওয়া রিটার্নের সংখ্যা ১৮ হাজার ৩৪৯টি। গত বছর রিটার্নের সংখ্যা ছিল ১৭ হাজার ৪২০টি।