চট্টগ্রাম অঞ্চলে শিগগিরই গ্যাস-সংকট কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম অঞ্চলে গ্যাস-সংকট শিগগির কেটে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। চট্টগ্রামের বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় নাগরিক ভোগান্তি বেড়েছে। উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্পকারখানাগুলোয়। ১৫ নভেম্বর থেকে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস-সংকট ভয়াবহ আকারে রূপ নেয়। এই দিন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা উৎপাদনে গেলে নগরের আবাসিক ও শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া হয়।
সংকটময় পরিস্থিতিতে গ্যাস সরবরাহকারী সংস্থা কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি জাতীয় গ্রিড থেকে আরও গ্যাস চেয়েছে। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নীতিনির্ধারকদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে ১৫ নভেম্বর থেকে চট্টগ্রাম নগরের বিস্তীর্ণ এলাকায় ভোর থেকে বিকেল পর্যন্ত এবং সন্ধ্যা থেকে আবার রাত পর্যন্ত গ্যাসের সরবরাহ বন্ধ থাকছে। এ সময় চুলায় আগুন জ্বলছে না।
কর্ণফুলী গ্যাস বিরতণ কোম্পানি সূত্র জানায়, চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের মোট চাহিদা ৪০০ মিলিয়ন ঘনফুট। চাহিদার বিপরীতে গতকাল বৃহস্পতিবার ২২৩ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা ও কাফকো টেনে নিয়েছে প্রায় ৯০ মিলিয়ন ঘনফুট। বাকি ১৩৩ মিলিয়ন ঘনফুটের মধ্যে শিল্পকারখানার মালিকদের নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলো টেনে নিয়েছে ৩০ মিলিয়ন ঘনফুটের বেশি। চট্টগ্রামে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট রয়েছে ১৬৩টি।
কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. সহীদ আলী প্রথম আলোকে বলেন, ‘গ্যাস-সংকট আগের মতোই আছে। পরিস্থিতির উন্নতি ঘটাতে আমরা জাতীয় গ্রিড থেকে গ্যাস চেয়েছি। আমরা পাওয়ার অপেক্ষায় আছি।’ কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে, সেই নিশ্চয়তা তিনি দিতে পারেননি।
এদিকে চট্টগ্রামের শিল্পকারখানার মালিকদের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে গ্যাস রেশনিং করার প্রস্তাব দিয়েছে সরবরাহকারী সংস্থা। এ রকম ১৬৩টি প্ল্যান্ট থেকে কমপক্ষে আট-দশ মিলিয়ন ঘনফুট গ্যাস সাশ্রয় করে তা আবাসিক গ্রাহকদের সরবরাহ দেওয়ার চিন্তা করছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি। শিল্পকারখানার মালিকেরা এতে সাড়া দিচ্ছেন না বলে জানা গেছে। কারণ, ক্যাপটিভ প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন কমে গেলে কারখানার উৎপাদনও ব্যাহত হতে পারে।