চট্টগ্রাম অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ১৪টি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক হাজার ৬০৯টি কেন্দ্রের মধ্যে ৮৯৭টি অর্থাৎ প্রায় অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ভ্রাম্যমাণ নিরাপত্তা দল থাকবে।গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহর জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপপরিদর্শকসহ অধস্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের উদ্দেশে উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. নওশের আলী ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। পুলিশকে কোনো প্রার্থী কিংবা কারও কাছ থেকে চা খাওয়া কিংবা সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।বৈঠকে পুলিশ সুপার জেড এ মোরশেদ বলেন, ‘আমরা সরকারি চাকরি করতে এসেছি। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বুঝি না। কে জিতল, কে হারল তাতে আমাদের কিছু যায় আসে না। নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ করতে হবে।’ ১৪টি উপজেলার ১৭৭টি ইউপিতে ৪ জুন থেকে পর্যায়ক্রমে ভোট গ্রহণ শুরু হবে। প্রথম দফায় নির্বাচন হবে সন্দ্বীপের ১৩টি ইউনিয়নে।বৈঠক শেষে পুলিশ সুপার জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন, ৮৯৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২০-২২ জন নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া প্রতি ছয়টি কেন্দ্র নিয়ে একটি ভ্রাম্যমাণ নিরাপত্তা দল দায়িত্ব পালন করবে। এ দলটি ক্ষেত্রবিশেষে দুই-তিনটি কেন্দ্র মিলেও হতে পারে।