চট্টগ্রাম নগরের বেহাল সড়ক এবং বিমানবন্দর সড়কে তিনটি সেতু দুই বছরেও নির্মিত না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কারণে চট্টগ্রাম আওয়ামী লীগের পুরোনো বিরোধ আবার সামনে চলে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে চলছে নানা বিতর্ক।
প্রধানমন্ত্রীর এই বক্তৃতার ভিডিও চিত্র মুহূর্তের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা মনে করছেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। প্রসঙ্গত, চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে মহিউদ্দিন চৌধুরী ও নাছির উদ্দীন দুটি ধারার নেতৃত্ব দিয়ে আসছেন।
গত রোববার পতেঙ্গা বোট ক্লাবে ওয়াসার একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রকল্পের অনুমোদন আমি দেব। কিন্তু অনুমোদন দেব, কাজ হবে না, কাজ দেরি হবে, সেটা আমি সহ্য করব না। আমি দ্রুত কাজ চাই। আমরা এখানে আছি জনগণকে সেবা করতে। কাকে কাজ দেব, কে কাজ পাবে, কে পেল না, কার কমিশনের ভাগ কত, কমিশন না হলে কাজ হবে না—এসব দুর্নীতি আমার সময়ে চলবে না। আমি এখানে পয়সা বানাতে আসিনি, ব্যবসা করতে আসিনি। জনগণের সেবা করতে এসেছি। দেশের উন্নয়ন করতে এসেছি।’ প্রধানমন্ত্রী নগরের রাস্তাঘাটের দুরবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করেন।
নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী নগরবাসীর কষ্ট অনুধাবন করে ক্ষোভ প্রকাশ করেছেন। রাস্তাঘাটের দুরবস্থা তিনি চট্টগ্রামে এসে দেখলেন। বিমানবন্দর সড়কে দুই বছরেও তিনটি সেতু নির্মিত না হওয়ার ব্যর্থতা সিটি করপোরেশনের। মেয়রও আওয়ামী লীগের। মেয়রের ব্যর্থতা মানে আওয়ামী লীগের ব্যর্থতা। একজন ব্যক্তির ব্যর্থতার দায় কেন আওয়ামী লীগ নেবে? মেয়র হিসেবে তিনি তো দুই বছর সময় পার করছেন। এটা কি যথেষ্ট সময় নয়?’
জানতে চাইলে নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘প্রধানমন্ত্রী আমার মাধ্যমে প্রায় ১৫ হাজার কোটি টাকার উন্নয়নকাজ করাচ্ছেন। তিনি নিশ্চয়ই আমার ভালোমন্দ তাঁর নিজস্ব মাধ্যম থেকে সংগ্রহ করছেন। আমি যদি প্রধানমন্ত্রীর এই মনোভাব না বুঝি তাহলে আমি বোকার স্বর্গে বাস করছি। আর প্রধানমন্ত্রী বোট ক্লাবে যা বলেছেন তা তিনি জেনেশুনেই বলেছেন।’
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী মেয়রের অনুসারী হিসেবে পরিচিত। প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শাসন করবেন। আবার আদরও করবেন। প্রধানমন্ত্রী মেয়র সাহেবকে শাসনের সুরে বলেছেন। এই শাসনের মধ্যে আমরা আদরের ছোঁয়া দেখতে পাচ্ছি।’
ফয়সল ইকবাল আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তৃতার অপব্যাখ্যা করে আওয়ামী লীগের একটি পক্ষ ফেসবুকে সরব। তারা না পাওয়ার বেদনা থেকে বর্তমান মেয়রের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মেয়র নাছির উদ্দীন তাঁর দপ্তরে সোমবার সন্ধ্যায় প্রথম আলোর কাছে একটি ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘বিমানবন্দর সড়কের তিনটি সেতু নির্মাণসহ ১৭টি প্রকল্প বাস্তবায়নের কাজ জাইকার অর্থায়নে হচ্ছে। ১২২ কোটি টাকার মধ্যে ৯৫ কোটি টাকার ৭টি প্রকল্পের ৯৫ শতাংশ কাজ শেষ। কিন্তু বিমানবন্দর সড়কের দুটি সেতুর নির্মাণকাজ এমন একজন ঠিকাদার পেয়েছেন, যাঁর সক্ষমতা নিয়ে আমার সন্দেহ আছে। আর জাইকার কাজে আমরা হস্তক্ষেপ করতে পারি না।’
মেয়র নাছির আরও বলেন, ২০ মাস আগে তাঁর দায়িত্ব নেওয়ার অনেক আগে জাইকার প্রকল্পগুলোর বাস্তবায়ন কাজ শুরু হয়। কিন্তু বিমানবন্দর সেতু এলাকায় মাটির তলদেশে ৩৩ কেভি বিদ্যুৎলাইন, ওয়াসা ও গ্যাসের পাইপলাইন সরানো নিয়ে সাত-আট মাস কেটে যায়। এ জন্য প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা দেয়। আগামী আগস্টে প্রকল্প বাস্তবায়নের মেয়াদ রয়েছে। কিন্তু জুনের মধ্যেই সেতুগুলো উন্মুক্ত করে দেওয়া হবে।
মেয়র নাছির রাস্তাঘাট খোঁড়াখুঁড়ির ব্যাখ্যা দিয়ে বলেন, চট্টগ্রাম ওয়াসা ও পিডিবির হাজার হাজার কোটি টাকার কাজ চলমান। নগরে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বাড়ানোর জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হবে। এসব প্রকল্প সরকারের। সমান্তরালভাবে অনেকগুলো প্রকল্পের কাজ চলছে বলে নগরবাসীর কষ্ট হচ্ছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যে উল্লসিত মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। তাঁরা মনে করছেন, মহিউদ্দিন চৌধুরীর ১৭ বছর চট্টগ্রামের স্বর্ণযুগ। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘মহিউদ্দিন সাহেব মেয়র হওয়ার পর থেকেই চট্টগ্রামের রাস্তাঘাটের উন্নতি হয়। এটাই বাস্তব কথা। তার আগে কিন্তু হয়নি।’
প্রধানমন্ত্রীর বক্তৃতা নিয়ে সরব আলোচনার পরিপ্রেক্ষিতে মহিউদ্দিন চৌধুরী সোমবার রাতে তাঁর বাসভবনে বলেন, ‘নেত্রী বিচক্ষণ মানুষ। তিনি গোটা দেশ নিয়ে ভাবেন। চট্টগ্রামে কী হচ্ছে বা না হচ্ছে সব প্রধানমন্ত্রীর নখদর্পণে। তিনি নগরবাসীর মনের কথা সেদিন বলে ফেললেন।’ প্রধানমন্ত্রীর বক্তৃতা নিয়ে সরব আলোচনার বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে বলেন।