আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের মধ্যে আর কোনো বিভেদ বা বিরোধ থাকবে না। তিনি গতকাল রোববার দুপুরে নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী এক প্রশ্নের জবাবে বলেন, ‘চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ নেতাদের মধ্যে বিভেদ নেই, তা বলব না। বড় দল, কারণে-অকারণে ভুল-বোঝাবুঝি হয়েছে। এখন তা নিরসনের পথে। এটা আর থাকবে না।’ আখতারুজ্জামান চৌধুরী বলেন, ‘ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চট্টগ্রাম নগরের কোনো নেতা-কর্মী একে অপরের বিরুদ্ধে কোনো কথা বলেননি।’ প্রসঙ্গত, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে সাংসদ ও সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকালের মতবিনিময় সভায় নগর, উত্তর ও দক্ষিণের নেতারা এক মঞ্চে আসেন। সাংসদ নুরুল ইসলাম, উত্তর জেলার আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন, সাংসদ চেমন আরা তৈয়ব, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ও কোষাধ্যক্ষ আবদুচ ছালাম উপস্থিত ছিলেন। মহিউদ্দিন চৌধুরী অসুস্থতার কারণে সভায় যোগ দিতে পারেননি বলে জানানো হয়। এর আগে ১৬ ফেব্রুয়ারি নগরের মুসলিম হলে আখতারুজ্জামান চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে নগর কমিটির বিবদমান দুই পক্ষের নেতারা এক মঞ্চে আসেন এবং সবাই ঐক্যের ডাক দেন। কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হওয়ার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় আখতারুজ্জামান চৌধুরী গত তিন বছরে চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকারের ভূমিকা এবং ভবিষ্যত্ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।