চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে চারতলা এই ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান। এই অফিস থেকে নগরের চান্দগাঁও, কর্ণফুলী, কোতোয়ালি, চকবাজার, পাঁচলাইশ ও বাকলিয়া থানা এবং দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার বাসিন্দারা সেবা নিতে পারবেন।
নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান, চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা প্রমুখ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বলেন, পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার চিন্তাভাবনা চলছে। পাসপোর্ট প্রদানে নতুন নীতিমালা প্রণয়নের বিষয়টিও ভাবা হচ্ছে। পাসপোর্ট অফিসে সেবার মান উন্নীত করতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান বলেন, ২০০৯ সালে দেশে ১৭টি পাসপোর্ট অফিস ছিল। বর্তমান সরকার প্রতি জেলায় পাসপোর্ট অফিস নির্মাণের উদ্যোগ নিয়েছে। দেশের ৬৪ জেলায় ৬৭ পাসপোর্ট অফিস নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সারা দেশে এ পর্যন্ত ৩৪টি অফিসের নির্মাণকাজ শেষ হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত ১ কোটি ৫২ লাখ নাগরিককে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশের ১ কোটি নাগরিককেও এমআরপি দেওয়া হয়েছে।
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে পাসপোর্টের তথ্য পাঠানোর পর সেখানে পাসপোর্ট পৌঁছাতে দুই মাস সময় লেগে যায়। দ্রুততম সময়ের মধ্যে কীভাবে বিদেশে পাসপোর্ট পৌঁছানো যায় তা নিয়ে কাজ চলছে। ডিএইচএলসহ কয়েকটি কুরিয়ার সার্ভিসের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। কুরিয়ারে পাঠানো গেলে মাত্র তিন দিনে যেকোনো দেশে পাসপোর্ট পৌঁছানো সম্ভব হবে।